প্রকাশিত: Thu, Jan 25, 2024 4:43 PM
আপডেট: Fri, Sep 11, 2026 7:58 AM

[১] প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ইউএনডিপির অভিনন্দন

ইকবাল খান: [২] সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, পুনরায়  প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

[৩] বাসস জানায়, তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চিত্তাকর্ষক উন্নয়ন যাত্রা এবং জাতিকে আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনার প্রতিশ্রুতির প্রশংসা করছি।’

[৪] স্টেইনার বলেন, ইউএনডিপির নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের নতুন ভূমিকার জন্য আপনাকে অভিনন্দন জানাতে পেরে তিনি একইভাবে আনন্দিত।

[৫] তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি শুধুমাত্র আপনার দেশের উন্নয়ন অর্জনের স্বীকৃতিই নয় বরং বাংলাদেশের জন্য বৈশ্বিক টেকসই উন্নয়ন এজেন্ডা গঠনের জন্য একটি অমূল্য সুযোগও উপস্থাপন করে।’

[৬] বৈশ্বিক নেটওয়ার্ক এবং দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি বলেন, ‘২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের রূপকল্পের অর্জনসহ অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং স্থিতিস্থাপক উন্নয়নের জন্য বাংলাদেশের আকাঙ্খা অর্জনে আপনার সরকারকে সমর্থন করার জন্য ইউএনডিপি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’